গাজীপুরে টঙ্গীতে গলায় ওড়না পেঁচিয়ে ইয়াসমিন (৯) নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে খরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন ওই এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, দুর্বৃত্তরা ইয়াসমিনকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাতে নিহত ইয়াসমিনের বাবা-মা কাজ শেষে বাড়ি ফিরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি পুলিশকে জানালে রাত ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। সেখান থেকে ওই শিশুর মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের বাবা সিদ্দিকুর রহমান বাদি হয়ে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
