আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দুই বিদেশিকে হত্যার নির্দেশ লন্ডন থেকে এসেছে। আর এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া লন্ডনে যাওয়ার সময় সচেতন মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছিল তিনি কোন ষড়যন্ত্র করতে যাচ্ছেন। এখন সেই ষড়যন্ত্র সত্য বলে প্রমাণিত হয়েছে। বিএনপি-জামায়াত জোট দেশকে অস্থিতিশীল করে ক্ষমতায় যাওয়ার জন্য এগুলো করছে।
হানিফ আরো বলেন, বাংলাদেশে কোনো আইএস ও জঙ্গি নেই। এখানে আছে বিএনপি-জামায়াতের সন্ত্রাস। জেএমবি, হরকাতুল জিহাদ এগুলো তাদেরই সৃষ্টি।
আগামী ২ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
