গোবিন্দগঞ্জে হরতাল পালিত

আপডেট : ২৮ অক্টোবর ২০১৫, ১৬:০৯
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের ছেলে সাম্যর (১৩) হত্যাকারীদের গ্রেফতার, ফাঁসি ও গোবিন্দগঞ্জ থানার এস আই আকতারকে প্রত্যাহারের দাবিতে স্থানীয় পেশাজীবী সংগঠন এই হরতাল আহবান করে। 
 
বুধবার সকালে হরতালের সমর্থনে সাম্য হত্যার বিচারের দাবি নিয়ে সম্প্রতি গঠিত সাম্য মঞ্চ ও পেশাজীবী সংগঠন গোবিন্দগঞ্জ শহরে একটি বিক্ষোভ মিছিল করে। পুলিশ মিছিলের ব্যানার আটক করে বাধা দেয়। এতে সর্বস্তরের জনতা বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ ব্যানারটি ছাড়া মিছিল করার অনুমতি দেয়। এছাড়া হরতাল চলাকালে শহরের সব ধরনের বিপনি বিতান, মার্কেট, বাজার বন্ধ ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর জানা যায়নি। 
 
সাম্যের সহপাঠি শাহরিয়ার খান হৃদয় ২৪ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে তার বাড়ি শহরের ঘোষ পাড়া থেকে সাম্যকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় সাম্যের বাবা আতাউর রহমান ওইদিন সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ রাতেই জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য থেকে গোবিন্দগঞ্জ পৌরসভার সামনে শহরের বর্ধনকুঠি বটতলা মোড় এলাকায় একটি সেপটিক ট্যাঙ্ক থেকে ২৫ সেপ্টেম্বর ভোরে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।