সরকারকে ‘সত্যের মুখোমুখি’ হওয়ার পরামর্শ সাইটের

আপডেট : ২৮ অক্টোবর ২০১৫, ১৬:২৬
 
দুই বিদেশি হত্যা ও তাজিয়া মিছিলের প্রস্তুতিতে বোমা হামলার ঘটনায় আইএস-এর দায় স্বীকারের তথ্য ‘সঠিক’ দাবি করে সরকারকে ‘সত্যের মুখোমুখি’ হওয়ার পরামর্শ দিয়েছে জঙ্গি তত্পরতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’।
 
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ‘এসব হামলার ঘটনায় আইএস-এর সংশ্লিষ্টতার বিষয়টি বাংলাদেশ সরকার তীব্রভাবে অস্বীকার করে আসছে। আর আইএস-এর দাবির বিষয়টি আড়ালে রাখার চেষ্টা ব্যর্থ হয়ে সরকার এখন সাইটের সুনাম ক্ষুণ্নের চেষ্টা করছে।’
 
গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালির নাগরিক চেজার তাভেল্লা ও ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক কোনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। দুই ক্ষেত্রেই হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যে আইএস এর ‘দায় স্বীকারের’ খবর দেয় ‘সাইট’।
 
সাইটের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘যারা সতর্ক করছে তাদের বিরুদ্ধে না গিয়ে সত্যের মুখোমুখি হয়ে আসল শত্রুদের দিকে মনোযোগ দিলেই বাংলাদেশ সরকার বেশি সুফল পাবে।’
 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের ‘অস্বীকার’ এবং সাইটের ‘সুনাম নষ্টের’ চেষ্টায় বাস্তবতা বদলানো যাবে না। আর অনলাইনে জিহাদি কার্যক্রম পর্যবেক্ষণ ও বিশ্লেষণের ‘সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে’ যে সুনাম সাইট অর্জন করেছে, তা ‘নষ্টের চেষ্টাতেও’ কোনো ফল আসবে না।