মেক্সিকোয় ৬৩ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে সিটি পার্কে ১১টি কুকুরকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পোষা প্রাণীর মালিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
নগরীর এক প্রসিকিউটর সোমবার জনিয়েছেন, এ ঘটনার জন্য দায়ী ওই নারী অপর ব্যক্তির কাছে দোষ স্বীকার করার পর তার বিরুদ্ধে অভিযোগ আনা হলেও তাকে গ্রেফতার করা হয়নি। প্রসিকিউটর অস্কার মন্টেস ডি ওকা বলেছেন, '৬৩ বছর বয়সী ওই নারীর সঙ্গে সরাসরি বলে জান গেছে, কুকুরের প্রতি তার বিরাগ রয়েছে। তিনি একজন রসায়নবিদ, প্রয়োগকৃত বিষ সম্পর্কে তার ধারণা ছিল এবং তিনিই কুকুরগুলোকে মেরেছেন।'
ডি ওকা জানান, কন্দেশা এলাকার মেক্সিকো পাকের্র কাছাকাছি তার বাস। বিষ মেশানোর সময় হাতেনাতে ধরতে না পারায় তাকে গ্রেফতার করা হয়নি। তদন্তকারীরা প্রমাণ সংগ্রহের জন্য স্ট্রিট সার্ভিলেন্স ক্যামেরার ২৭৮টি রেকর্ড পর্যালোচনা করছেন।
প্রাণী-অধিকার সংরক্ষণের সংগঠনগুলো এ ঘটনার নিন্দা জানিয়েছে। রবিবার মেক্সিকো পার্কে কুকুর মালিকরা এক সমাবেশে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় প্রিয় কুকুর ডেইজিকে হারানো ব্রিটিশ নারী ক্যারোলিন ওয়েন বলেন, ‘আমি আশা করব এ ব্যাপারে সত্যি সত্যিই কিছু করা হবে।’ সূত্র: এএফপি
