বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং বিচার প্রক্রিয়ায় কারো কোন ধরনের প্রভাব নেই বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। মঙ্গলবার পূর্ব লন্ডনের ডকল্যান্ডের ক্রাউন প্লাজা হোটেলে এক ভোজসভায় প্রধান অতিথির ভাষণে এস কে সিনহা এ কথা বলেন। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) প্রধান বিচারপতির সম্মানে এ ভোজসভার আয়োজন করে।
প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন। এ ক্ষেত্রে লোকবল ও অবকাঠামোর সমস্যা রয়েছে। এসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জানিয়ে এস কে সিনহা বলেন, দ্রুত এসব সমস্যা সমাধান করবেন বলে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। এ সময় বিচার প্রক্রিয়ার উন্নয়নের জন্য নেয়া বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের অভিযোগ গ্রহণে ইতিমধ্যে একটি ‘অভিযোগ বক্স’ খোলা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবর আইনি যেকোনো বিষয়ে লিখিত অভিযোগ করলে তিনি সাত দিনের মধ্যে ব্যবস্থা নেবেন। ১ নভেম্বর থেকে উচ্চ আদালতের সব কার্যক্রমের তথ্য অনলাইনে পাওয়া যাবে। এতে মামলার শুনানির তারিখ ও এর ফলাফল নিয়ে অতীতের মতো আইনজীবীদের দ্বারে দ্বারে ঘুরতে হবে না বলেও জানান তিনি।
দুই বছরের মধ্যে সব মামলার জট সুরাহার উদ্যোগ নিয়েছেন জানিয়ে প্রধান বিচারপতি বলেন, দীর্ঘদিন ধরে চলা মামলাগুলো সংশ্লিষ্ট পক্ষগুলোর সমঝোতার মাধ্যমে সুরাহা করতে চান তিনি। বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলো এতে রাজি না হলে বিচারে হেরে যাওয়া পক্ষকে মামলার সমুদয় খরচ বহন করতে হবে।
