ইন্দোনেশিয়ায় আটক হওয়া ভারতের মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন জিম্বাবুয়েতে পালিয়ে যেতে চেয়েছিলেন। এনডিটিভির সঙ্গে বিশেষ সাক্ষাতকারে এই কথা জানিয়েছেন বালি পুলিশ কমিশনার রেইনহার্ড নাইনগোলান।
গত রবিবারে ইন্দোনেশিয়ার বালি বিমানবন্দরে গ্রেফতার হন ছোটা রাজন। অস্ট্রেলিয়ার সিডনি থেকে বালিতে অবতরণ করার পরে ইন্টারপোলের দুই দশক পুরোনো একটি রেড কর্নার নোটিশের জের ধরে তাকে আটক করে পুলিশ। আটক হওয়ার পরে তাকে স্থানীয় পুলিশকে অনুরোধ করেন তাকে ছেড়ে দিতে। ইন্দোনেশিয়ার বালি পুলিশ কমিশনার এনডিটিভিকে বলেন, সে আমাদের বলে তাকে ছেড়ে দিতে, কারণ সে জিম্বাবুয়েতে চলে যেতে চায়। আমাদের জানিয়েছে, এতদিন সে অস্ট্রেলিয়ায় ছিল এবং এর আগে জিম্বাবুয়েতে। পালানোর একটা জায়গা খুঁজে বেড়াচ্ছিল এই মাফিয়া ডন। গণমাধ্যম থেকে দূরে রাখতে ছোটা রাজনকে স্থানীয় একটি পুলিশ স্টেশনে রাখা হয়েছে। ওই পুলিশ কমিশনারের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ছোটা রাজন মানসিকভাবে খুব বিচলিত অবস্থায় রয়েছে।
৫৫ বছর বয়সী মোস্ট ওয়ান্টেড এই মাফিয়া ডনের বিরুদ্ধে ভারতে ১৭ টি খুন, অস্ত্র ও মাদক চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। ছোটা রাজনের আসল নাম রাজেন্দ্র সদাশিব নিকালজি। এনডিটিভি জানিয়েছে, ২০ দিনের মধ্যে ছোটা রাজনকে ভারতে পাঠানো হবে। এনডিটিভি।
