বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ১৫:২৯
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক মনিরুল ইসলামের (৩৮) লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার রাত ১০টার দিকে তারা বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে নদীপথে এ লাশ ফেরত দেয়। 
 
পরে বিজিবি লাশটি বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ নিহতের স্বজনদের হাতে লাশটি তুলে দেন।
 
বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের  বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে বিএসএফের গুলিতে এ গরু ব্যবসায়ী যুবক নিহত হন। মঙ্গলবার সকালে তার লাশ ভারতের উত্তর ২৪ পরগনার জেলার গাইগাটা থানা পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। নিহত মনিরুল শার্শা উপজেলার বালুণ্ডা রাজাপুর গ্রামের মনসুর আলীর ছেলে।
 
নিহত মনিরুলের পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে সাত-আট জনের একটি দল গরু আনতে ভারতের যায়। গরু নিয়ে  মঙ্গলবার ভোরে বাংলাদেশে ফেরার সময় বিএসএফ সদস্যরা মনিরুলকে গুলি করে হত্যা করে। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হন।
 
২৩ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আব্দুর রহিম এ  ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে পত্র দিলে বিএসএস পুলিশের মাধ্যমে নিহতের লাশ ফেরত পাঠায়। 
 
ঘটনার পর বিজিবির সদস্যরা গুলি করে হত্যার প্রতিবাদ জানান এবং মনিরুলের মরদেহ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেন। ঘটনার দিনই লাশ ফেরত দেয়ার কথা থাকলেও বিএসএফ তা দেয়নি।
 
২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন জানান, আনুষ্ঠানিকতা শেষ করে রাতেই মনিরুলের মরদেহ পরিবারের সদস্যদের কাছে তুলে দেয়া হয়েছে।
 
বিজিবি জানায়, গত মঙ্গলবার মনিরুলসহ তার কয়েকজন বন্ধু পুটখালী সীমান্ত দিয়ে গুড় নিয়ে দেশে ফেরার পথে আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল। তার সঙ্গীরা পালিয়ে দেশে চলে আসেন। ঘটনার পর ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
বিজিবি আরও জানায়, বিএসএফ নিহতের ছবি বিজিবির কাছে পাঠায়। পরে তা দেখে মনিরুলের পরিবার তার লাশ শনাক্ত করে।