ভারতের শীর্ষস্থানীয় বিজ্ঞানী পি.এম ভার্গব ক্রমবর্ধমান সাম্প্রদায়িক অসহিষ্ণুতার প্রতিবাদে তার পদ্মভূষণ পদক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের সেলুলার ও মলিকিউলার বায়োলজি সেন্টারের অন্যতম এই প্রতিষ্ঠাতা আজ বৃহস্পতিবার বলেছেন, তিনি ভারতের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত।
বিশিষ্ট এই বিজ্ঞানী ভারতের প্রভাবশালী দৈনিক হিন্দুর সঙ্গে এক সাক্ষাতকারে বলেন, বর্তমান অবস্থা চলতে থাকলে ভারত পাকিস্তানের মতো ধর্মীয় রাষ্ট্রে পরিণত হবে। তিনি বলেন, গণতন্ত্রের ভবিষ্যৎ হুমকির মুখে রয়েছে। আমি এটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। ভার্গব বলেন তিনি একটি চিঠি লিখে ভারতের রাষ্ট্রীয় সম্মাননার পদক পদ্মভূষণ ফিরিয়ে দেবেন। তিনি বলেন, একজন বিজ্ঞানী হিসেবে আমি এতটুকুই করতে পারি। এছাড়া তিনি ভারতের কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের বৈঠকে উগ্রবাদী হিন্দু সংগঠন রাষ্ট্রীয় শিব সেনার অংশগ্রহণের ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছেন। এই খাতে বাজেট কমানোয় সরকারের সমালোচনা করেছেন তিনি।
ভার্গব আরো বলেন, আমার আগের কংগ্রেস সরকারের প্রতি কোনো আলাদা সমর্থন নেই। আমি আমার বইয়ে তাদেরও সমালোচনা করেছি। কিন্তু তারপরেও আপনাদের তাদের কৃতিত্ব দিতে হবে কারণ তারা আমরা কি খাবো সেটা নির্ধারণ করে দিতে চায়নি। পি এম ভার্গবের ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক ফিরিয়ে দেওয়ার ঘোষণা এসেছে যখন ভারতের শতাধিক বিজ্ঞানী অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে সাম্প্রতিক সময়ে ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণু পরিবেশের কারণে শঙ্কা প্রকাশ করেছে। ভার্গব সহ বিজ্ঞানীদের সেই বিবৃতিতে বলা হয়, বিজ্ঞান ও যুক্তি দেশ থেকে উৎখাত হচ্ছে। দ্য হিন্দু।
