সম্প্রতি মুম্বাইয়ে বোর্ডের সদর দপ্তরের বাইরে শিবসেনার বিক্ষোভ এবং এ কারণে দুই বোর্ডের কর্মকর্তাদের বৈঠক বাতিল হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডর (পিসিবি) কাছে ক্ষমা চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
শিবসেনার বিক্ষোভকে ‘একটি নিন্দনীয় কাজ’ হিসেবে অভিহিত করে পিসিবি’র কাছে পাঠানো এক পত্রে মুম্বাইয়ের ঘটনার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে বিসিসিআই। স্থানীয় এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ভারতে অনুষ্ঠিতব্য ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানী খেলোয়াড়দের বর্জনের দাবি ওঠায় ক্ষমা চায় বিসিসিআই। এর আগে কিংবদন্তী পাকিস্তানী ক্রিকেটার জাভেদ মিয়াদাঁদ বলেছিলেন, পাকিস্তানের উচিত আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করা। একই সঙ্গে আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে প্রস্তাবিত ইন্দো-পাক সিরিজের অনুমোদন দেয়ার জন্যও ভারত সরকারের কাছে একটি চিঠি লিখেছে বিসিসিআই। ২০১৫-২০২৩ সালের মধ্যে উভয় দেশ ছয়টি সিরিজ খেলার বিষয়ে পিসিবি এবং বিসিসিআই একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। ২০০৮ সালে মুম্বাই হামলার পর পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত। বাসস।
