স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, দুই বিদেশি হত্যার মদতদাতাদের নাম খুব শিগগিরই প্রকাশ করা হবে এবং তদন্তসাপেক্ষে তাদের গ্রেফতার করা হবে। বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ে এফবিসিসিআই’র পক্ষ থেকে পুলিশকে দেয়া গাড়ির চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরএ কথা বলেন তিনি।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চারটি আধুনিক গাড়ির চাবি হস্তান্তর করেন। গাড়িগুলো রাজধানীর ডিপ্লোম্যাটিক জোনের নিরাপত্তায় ব্যবহৃত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি নাগরিক হত্যার উদ্দেশ্য ছিল দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা। তিনি বলেন, দুই বিদেশি হত্যার তদন্ত অনেক দূর এগিয়েছে। তদন্তের স্বার্থে মদতদাতাদের নাম এখনই প্রকাশ করা যাচ্ছে না। তবে খুব শিগগিরই তাদের নাম প্রকাশ করা হবে। তদন্ত শেষে তাদের গ্রেফতার করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দুই বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম এর নাম সন্দেহের তালিকায় রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পত্রিকায় নাম এসেছে বিএনপি নেতা ও বাড্ডা এলাকার সাবেক ওর্য়াড কমিশনার কাইয়ুমের। তিনি সন্দেহের তালিকায় রয়েছেন। শুধু কাইয়ুম নয়, সন্দেহের তালিকায় আরো অনেকে রয়েছেন।
পুলিশকে চারটি গাড়ি উপহার দেয়ায় এ সময় এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশকে দেয়া গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে এফবিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, পুলিশ সহযোগিতা দিচ্ছে বলেই আমরা ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করতে পারছি। এই জন্য তিনি পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আইজিপি মোখলেছুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের ডিসি মোস্তফা আনাম খান প্রমুখ। ফোকাস বাংলা।
