‘মার্কিন সামরিক সহায়তা চায়নি ইরাক’

আপডেট : ২৯ অক্টোবর ২০১৫, ২০:৫১
ইরাক সরকার ইসলামিক স্টেটসের বিরুদ্ধে লড়াইয়ে কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা চায়নি। পেন্টাগন ইরাকের সঙ্গে ইসলামিক স্টেটসের বিরুদ্ধে স্থলযুদ্ধে সহযোগিতা করবে এমন মন্তব্যের একদিন পরেই এ কথা জানিয়েছে ইরাক সরকারের মুখপাত্র। 
 
ইসলামিক স্টেটসের বিরুদ্ধে যুদ্ধ নিজস্ব ব্যাপার উল্লেখ করে ইরাকের মুখপাত্র সাদ আল হাদিথি এনবিসি নিউজকে বলেন, এটা ইরাকের নিজস্ব ব্যাপার এবং সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি স্থল অভিযানে যুক্ত হতে অনুরোধ করেনি। স্থল অভিযান করতে আমাদের যথেষ্ট সৈন্য রয়েছে। হাদিথি আরো পরিষ্কার করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ ও পরামর্শর বাইরে অভিযানে সরাসরি যুক্ত হতে চায় তাহলে আন্তর্জাতিক আইন অনুযায়ী সেটা ইরাক সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে। 
 
এর আগে গত মঙ্গলবার মার্কিন সিনেটের সামনে একটি মন্তব্যে দেশটির প্রতিরক্ষা সচিব অ্যাশ কার্টার বলেছিলেন, ইসলামিক স্টেটসের বিরুদ্ধে স্থল অভিযানে ইরাকে বাহিনীকে সহায়তা করবে মার্কিন সেনাবাহিনী। আরটি টাইমস।