ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন বিশ্ব অর্থনীতিতে দুই উজ্জ্বল আশার বিন্দু হিসেবে আবির্ভূত হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা৷ বৃহস্পতিবার ইন্দো-আফ্রিকান সম্মেলনে তিনি বলেন ভবিষ্যতে ভারত ও এই মহাদেশ মিলেই বিশ্বে নতুন এক দিগন্ত খুলে দেবে।
সম্মেলনে মোদি বলেন, ভারত-আফ্রিকার সম্পর্ক বহুদিনের৷ এটা শুধু দুই দেশের নিছক কোনও সম্মেলন নয়৷ বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশের এক ছাদের নিচে আসার ঘটনাও৷ মোদি তারুণ্যের জয়গান গেয়ে বলেন, ভারত ও আফ্রিকার জনসংখ্যার বেশিরভাগ তরুণ প্রজন্মের৷ এই প্রজন্মই ভবিষ্যতে দুই দেশ গড়ে তুলতে সাহায্য করবে৷ আফ্রিকার অর্থনৈতিক উন্নতিতেও জোয়ার এসেছে৷ অর্থনীতি নিয়ে ভুল সিদ্ধান্তগুলি ত্যাগ করেছে আফ্রিকা৷ খেলাধুলা, শিল্পকলা, সঙ্গীত ক্ষেত্রে বিশ্বে এক অভূতপূর্ব স্থান লাভ করেছে৷ বিশ্বের নানা উন্নয়নমূলক ও সৃষ্টিশীল প্রকল্পের সঙ্গে আফ্রিকা যুক্ত হয়েছে৷
আফ্রিকার সঙ্গে ভারতের নানা চুক্তির কথা জানিয়ে ৬০ কোটি ডলারের সাহায্যের কথা ঘোষণা করেছেন মোদি৷ এর মধ্যে রয়েছে ভারত-আফ্রিকার উন্নয়ন তহবিলের দশ কোটি ডলারের ঘোষণার কথাও জানা গিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পুনর্গঠন প্রসঙ্গেও ভারতের সুরেই কথা বলবে আফ্রিকার ৫৪টি দেশ৷ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অটুট রেখে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া আফ্রিকার দূতদের সামনে ঐক্যের বার্তাও দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী৷ জলবায়ু পরিবর্তন, কৃষি, শক্তি ক্ষেত্রে বিনিয়োগ ও সন্ত্রাস দমন নিয়েও বক্তব্য রাখেন তিনি৷ দ্য হিন্দু।
