ঝিনাইদহে আজিমুল হক রাজা (দেড় বছর) নামের শিশুকে নিয়ে পালিয়ে যান এক গৃহপরিচালিকা। এ ঘটনায় আঁখি খাতুন (২৭) নামের এক গৃহপরিচালিকাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ এস আই অজিত কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর- চুয়াডাঙ্গা সড়কে তল্লাশি চালিয়ে শিশু রাজাকে উদ্ধারসহ গৃহপরিচালিকাকে আটক করে।
প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে, আঁখি কোনো শিশু পাচারকারী দলের সদস্য হতে পারে। গৃহপরিচালিকা আঁখি খাতুন মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের তাহের আলীর মেয়ে।
সদর থানার এ এস আই অজিত কুমার বলেন, 'শিশুর বাবার অভিযোগ ও তথ্য মতে কলেজ মোড়ে একটি লোকাল বাসে অপেক্ষা করতে থাকি। বাসটি কলেজ মোড়ে পৌঁছালে তল্লাশি করে শিশুটি উদ্ধারসহ গৃহপরিচালিকা আঁখিকে আটক করে সদর থানায় নেয়া হয়।
পরে শিশুটির মা ঝিনাইদহ থেকে মেহেরপুর পৌঁছালে শিশুটিকে মায়ের কোলে তুলে দেয়া হয়।'
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
