মিসবাহ-উল হককে আপাতত অবসর নেওয়ার পরিকল্পনাটা স্থগিত করার জন্য অনুরোধ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট অধিনায়ককে আগামী বছর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সফর পর্যন্ত চায় তারা।
২০১৬ সালে ইংল্যান্ড সফরে চারটি টেস্ট খেলার কথা পাকিস্তানের। এর পর ২০১৬-১৭ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে তারা আরও তিনটি টেস্ট খেলবে। আর আগামী বছর মিসবাহর বয়স হয়ে যাবে ৪২ বছর। মিসবাহ প্রসঙ্গে লাহোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। আমরা তাকে অবসর নেওয়াটা এক বছরের জন্য পেছাতে বলেছি। আমরা মনে করি, অধিনায়ক আর একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে তার উপস্থিতি আগামী বছর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে দলের জন্য মূল্যবান হবে।
ইএসপিএন ক্রিকইনফোকে মিসবাহ নিশ্চিত করেন, শাহরিয়ার তার সঙ্গে কথা বলেছেন। এই মাসের গোড়ার দিকে মিসবাহ ইঙ্গিত দিয়েছিলেন, সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটিই তার ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ হতে পারে। বিশেষত এই কথা তিনি বলে আসছেন ডিসেম্বরে ভারতের বিপক্ষে সম্ভাব্য সিরিজটি না হওয়ার সম্ভাবনা জাগার পর থেকে। আরব আমিরাতে প্রথম দুই ম্যাচ শেষে তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। অবসর প্রসঙ্গে মিসবাহ বলেন, এটা যেহেতু কঠিন একটা সিদ্ধান্ত, তাই আমি অনেক বিষয় বিবেচনা করছি। আগামী দেড় মাস নিজেকে বিশ্লেষণ করব যে, আমি কত দূর যেতে পারি। আমি বিবেচনা করব, দলের জন্য কতটা অবদান রাখতে পারি। দেখব যে, আমার ভালোবাসা একই রকম আছে কিনা, নাকি খেলাটির প্রতি আগ্রহ হারাতে শুরু করেছি। কখনও কখনও এটা ফিটনেসের বিষয় নয়। বিষয় হচ্ছে, খেলাটির প্রতি কতটা আগ্রহ আছে আপনার। আমি বোঝা হতে চাই না। তাই সিদ্ধান্ত যাই হোক, আপনারা শিগগিরই জানবেন, যোগ করেন তিনি। ৪১ বছর বয়সী মিসবাহ পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। তার নেতৃত্বে ১৯টি ম্যাচ জিতেছে পাকিস্তান। ক্রিকেটের সংক্ষিপ্ততর সংস্করণকে বিদায় জানানো মিসবাহর পাঁচ দিনের ম্যাচে ফিটনেসের কোনো ঘাটতি দেখা যায়নি। ক্রিকইনফো।
