অস্ট্রেলিয়ার টেস্ট দলে নিজেদের জায়গা পাকা করে নেওয়ার সুযোগ পেয়েছেন জো বার্নস ও উসমান খাজা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য এ দুজনকে দলে রেখেছেন দেশটির নির্বাচকরা।
১২ সদস্যের দলে জায়গা হয়নি তরুণ ওপেনার ক্যামেরন ব্যানক্রফট ও অভিজ্ঞ শন মার্শের। এই দুজনই বাংলাদেশের বিপক্ষে স্থগিত হওয়া সফরের অস্ট্রেলিয়া দলে ছিলেন। মিচেল জনসন, মিচেল স্টার্ক, জস হেজেলউড ও পিটার সিডল; চার ফাস্ট বোলারই দলে আছেন। তবে ধারণা করা হচ্ছে, গ্যাবায় আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে এদের একজনকে দ্বাদশ খেলোয়াড় হিসেবেই খেলতে হতে পারে। ক্রিস রজার্স, মাইকেল ক্লার্ক, ব্র্যাড হ্যাডিন ও শেন ওয়াটসন অবসর নেওয়ার পর এটাই অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট হবে। তবে দল পুনর্গঠন করতে গিয়ে এখনই নতুন কাউকে সুযোগ দেওয়ার কথা ভাবেনি দেশটির নির্বাচকরা।
৯ টেস্টের ক্যারিয়ারে টপঅর্ডার ব্যাটসম্যান খাজা তার সর্বশেষ ম্যাচটি খেলেন ২০১৩ সালের অ্যাশেজ সফরে। আরেক টপঅর্ডার ব্যাটসম্যান বার্নস দুই টেস্টের ক্যারিয়ারে দুটি অর্ধশতক করেন ভারতের বিপক্ষে এ বছরের জানুয়ারিতে খেলা সিডনি টেস্টের দুই ইনিংসে। দলে আছেন গত অ্যাশেজ সিরিজে হ্যাডিনের বদলে সুযোগ পাওয়া উইকেটরক্ষক পিটার নেভিল। অস্ট্রেলিয়ার হয়ে ৪টি টেস্ট খেলে ফেললেও সাদা পোশাকে দেশের মাটিতে এবারই প্রথম নামতে যাচ্ছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে তিনটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচটি পার্থে শুরু হবে ১৩ নভেম্বর। আর তৃতীয় ও শেষ ম্যাচ শুরু হবে ২৭ নভেম্বর অ্যাডিলেডে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জো বার্নস, জশ হেজেলউড, উসমান খাজা, মিচেল জনসন, নাথান লায়ন, মিচেল মার্শ, পিটার নেভিল, মিচেল স্টার্ক, পিটার সিডল, অ্যাডাম ভোজেস।
