যথাযথ কাপড় পরিধান না করার অভিযোগে মুম্বাই থেকে দিল্লিগামী এক ফ্লাইট থেকে এক নারীকে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার ভারতের বেসরকারি বিমান ইন্ডিগোর ফ্লাইটে এ ঘটনা ঘটে।
এনডিটিভি জানিয়েছে, ওই নারী ফ্রক ও শর্টস্কার্ট পরিধান করেছিলেন। তিনি কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে করে মুম্বাই গিয়েছিলেন। সেখান থেকে দিল্লির বিমান ধরার কথা ছিল তাঁর। তিনি উড়োজাহাজে উঠলে বিমান সংস্থা ইন্ডিগোর কর্মীরা তাঁকে আটকান। ইন্ডিগো বিমানের একটি বিশেষ টিকেটে ভ্রমণ করছিলেন কারণ তার বোন এই বেসরকারি বিমান সংস্থাটিতে কর্মরত। ইন্ডিগো এই ঘটনার ব্যাখ্যায় বলে কর্মচারী ও তাদের মনোনীত আত্মীয়দের জন্য ড্রেসকোড নির্দিষ্ট করে দেওয়া আছে। সেই নীতি অনুসারেই ওই মহিলাকে আটকানো হয়েছে। সাধারণ যাত্রীদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয় বলে জানিয়েছে তারা। ওই নারী পরে অন্য একটি উড়োজাহাজে করে দিল্লি যেতে পেরেছিলেন। তবে তার আগে তাঁকে প্যান্ট পরতে হয়েছিল। ডন।
