আদিল রশিদের প্রশংসায় কিংবদন্তি ওয়ার্ন

আপডেট : ৩০ অক্টোবর ২০১৫, ১৯:০১
মাত্র এক দিন আগে পাকিস্তান শিবিরে যোগ দেয়ার পরই আজ প্রতিপক্ষ ইংল্যান্ড শিবিরে যোগ দিলেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্ন। বৃহস্পতিবার পাকিস্তানী স্পিনার ইয়াসির শাহর সঙ্গে কাজ করেন এবং তাকে প্রয়োজনীয় কিছু টিপস দেন ওয়ার্ন। 
 
আজ ইংল্যান্ডের অনুশীলন সেশনে নেটে আদিল রশিদের সঙ্গে কাজ করার পর তিনি বলেন, টেস্ট পর্যায়ে সাফল্য পেতে ধৈর্য্যশীল হতে হবে এ নবাগতকে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মুখ রশিদের প্রশংসা করেন টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক ওয়ার্ন আবু ধাবিতে পাকিস্তানের বিপক্ষে ড্র হওয়া প্রথম টেস্টে অভিষেক হওয়া রশিদ সম্পর্কে ওয়ার্ন বলেন,  সবচেয়ে ভাল দিক হলে সে একজন চমৎকার বোলার। কোন খেলোয়াড় যখন তার টেস্ট ক্যারিয়ার শুরু করে, তখন তার মধ্য থেকে সেরা বের হতে কিছুটা সময় দরকার। ইতোমধ্যেই আমরা তার মধ্যে কিছু জাদু দেখেছি। আমরা দেখেছি এ পর্যায়ে সে এটা করতে পারে। এটা কেবলমাত্র ধারাবাহিক হওয়া এবং কিছুটা সময়ের দরকার মাত্র।
 
আবু ধাবির প্রথম টেস্টে ৩৪ ওভার বোলিং করে ২৬৩ রান দিলেও উইকেট শূন্য থাকতে হয়েছে রশিদকে। কিন্তু নাটকীয়ভাবে ড্র হওয়া দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট শিকার করেন তিনি। ওয়ার্ন বলেন রশিদকে ধৈর্যশীল হতে হবে। একই টেস্টে দুই লেগ স্পিনারকে খেলতে দেখে দারুণ উচ্ছ্বসিত ওয়ার্ন বলেন, এ যাবতকালে আমার দেখা সেরাদের মধ্যে সে একজন। তাকে ধৈর্যশীল হতে হবে এবং স্পিন সহায়ক পিচে খেলতে হবে। প্রত্যাশা থাকবে আকাশ চুম্বী। তবে আপনি যখন টেস্ট খেলবেন তখন আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ফুলটস দেয়াসহ আপনি এক স্পেল খারাপ বোলিং করতেই পারেন এবং দ্বিতীয় স্পেলেই উইকেট পেতে পারেন। খেলায় টিকে থাকার পথ আপনাকেই খুঁজে নিতে হবে। তাই পাকিস্তানের বিপক্ষে ভাল করতে আমি তাকে কিছু কৌশলের কথা বলেছি। ওয়ার্ন আরো বলেন, এক টেস্টে দুই লেগ স্পিনার খেলতে দেখাটা বেশ আনন্দের। আমরা অত্যন্ত ভাগ্যবান যে একই সিরিজে দু’জন মানসম্মত স্পিনার খেলছে এবং খুব ভাল একটি প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পাব। বাসস।