যুদ্ধ উস্কে দিতে পারে যুক্তরাষ্ট্র: চীন

আপডেট : ৩০ অক্টোবর ২০১৫, ১৯:১৩
 
যুক্তরাষ্ট্র বিরোধপূর্ণ জলসীমায় ‘উস্কানিমূলক কর্মকাণ্ড’ বন্ধ না করলে ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করেই দক্ষিণ চীন সাগরে যুদ্ধ উস্কে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের নৌ কমান্ডারকে হুঁশিয়ার করে দিয়ে এ কথা বলেছেন চীনের নৌ কামান্ডার।
 
দক্ষিণ চীন সাগরে নির্মিত কৃত্রিম দ্বীপের কাছে মার্কিন জাহাজ পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটনকে এ হুঁশিয়ারি দিল বেইজিং। চীনের নৌবাহিনী শুক্রবার এ কথা জানিয়েছে।
 
গত মঙ্গলবার দক্ষিণ চীন সাগরের ওই দ্বীপের ১২ নটিক্যাল মাইলের ভেতর ঢুকেছিল মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস লাসেন। বিতর্কিত স্প্যার্টলি দ্বীপপুঞ্জের কাছ দিয়ে অতিক্রম করে ওই এলাকায় টহল দিয়েছে যুক্তরাষ্ট্রের রণতরী।
 
এর বিরুদ্ধেই প্রতিক্রিয়া জানাতে গিয়ে বৃহস্পতিবার এক  ভিডিও কনফারেন্সে মার্কিন নৌবাহিনীর নৌ-অভিযানের প্রধান অ্যাডমিরাল জন রিচার্ডসন্সের প্রতি ওই হুঁশিয়ারি দেন চীনা অ্যাডমিরাল উ শেংলি।
 
এক বিবৃতিতে অ্যাডমিরাল উ বলেন, ‘যুক্তরাষ্ট্র এ ধরনের বিপজ্জনক এবং উস্কানিমূলক তত্পরতা চালাতে থাকলে সাগর এবং আকাশে উভয়পক্ষের সম্মুখ সারির বাহিনীর জন্য মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হবে। এমনকি ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করেও যুদ্ধ উস্কে উঠতে পারে।’
 
যুক্তরাষ্ট্র উভয়পক্ষের মধ্যে ভাল পরিবেশ বজায় রাখতে ইচ্ছুক হবে এমনটিই আশা করেন বলেও জানান উ।
খবর রয়টার্সের।