ধর্মীয় পোশাকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউবিএটি) শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্ব ঘোষণা ছাড়াই ইসলামী পোশাকের ওপর কড়াকড়ি আরোপ করেছে। পাঞ্জাবি টুপিওয়ালা বা বোরকায় আবৃত নারীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
শিক্ষার্থীরা আরো জানান, উপাচার্য ড. এম আলিমুল্লাহ মিয়ানের নির্দেশে এ কঠোরতা আরোপ করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীরা এরপর থেকেই আন্দোলনে নেমেছেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, সব প্রতিষ্ঠান সাধারণত যাবতীয় নিয়ম কানুন ভর্তির সময় জানিয়ে দেয়। কিন্তু আইএইবিএটি হঠাত্ করে এমন সিদ্ধান্ত নেয়ায় অনেক শিক্ষার্থীর কাছে তা মানা সম্ভব নয়। কারণ অনেক শিক্ষার্থী জন্মগতভাবেই ধর্মীয় অনুশাসন মেনে চলেন। তাদের দাবি, হঠাত্ করে কোনো প্রতিষ্ঠান পোশাক নিয়ে এমন কঠোরতা দেখাতে পারেন না। এমনটি করতে চাইলে অবশ্যই সুষ্পষ্ট নীতিমালা প্রয়োজন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়টিতে এর আগেও এমন ঘটনা ঘটেছে। ২১ মার্চ ২০১২ সালে রাষ্ট্রপতির কার্যালয় থেকে মাহাবুবুর রহমান ভূইয়া সাক্ষরিত একটি চিঠিতে আইইউবিএটি এর ভিসি বরাবর জানানো হয়, শিক্ষার্থীদের যেন ধর্মীয় পোশাক পরিধানে বাধা দেয়া না হয়। কিন্তু রাষ্ট্রপতির পক্ষ থেকে এমন আদেশের পরও পোশাকের এই বাধা কেন থাকবে এ বিষয়টিও জানতে চেয়েছে আন্দোলনকারীরা।
