রূপালি পর্দায় ফের একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। প্রযোজক বনি কাপুর 'নো এন্ট্রি' ছবির একটি সিক্যুয়েল করবেন বলে ভাবছেন। নাম 'নো এন্ট্রি মে এন্ট্রি'। এই ছবিতে নাকি একসঙ্গে দেখা যেতে পারে সাবেক এই প্রেমিক জুটিকে।
ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শোনা যাচ্ছে, ‘নো এন্ট্রি মে এন্ট্রি’তে সালমানের বিপরীতে অভিনয় করার জন্য ক্যাটরিনা কাইফকে প্রস্তাব দেয়া হয়েছিল। ক্যাটরিনাকে যে নেয়া হবে, সে বিষয়ে জানানো হয়েছে সালমান খানকেও। তবে তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন, সেটা অবশ্য জানা যায়নি।
সর্বশেষ 'এক থা টাইগার' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল সালমান খান ও ক্যাটরিনাকে। এরপর দুজনের প্রেমপর্বে ইতি ঘটে। ক্যাটরিনার সম্পর্ক জড়ান রণবীর কাপুরের সঙ্গে। ফলে দুই জনে ফের একসঙ্গে ছবিতে অভিনয় করলে তা দর্শকদের কাছে দারুণ ব্যাপার হবে।
