বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তে ১০ কেজি কোকেন জব্দ করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয় সময় বুধবার এগুলো জব্দ করা হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জব্দকৃত কোকেনের বাজারমূল্য ৪০ কোটি রূপি।
পশ্চিমবঙ্গের নম্বরপ্লেট যুক্ত একটি ট্রাক বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। ট্রাকটি সুমন শীল (২২) নামে এক ব্যক্তি চালাচ্ছিলেন। সুমনের বাড়ি উত্তর ২৪ পরগণা জেলায়।
বিএসএফ জানিয়েছে, বেনাপোল সীমান্তের অন্যপ্রান্তে পেট্রাপোল বন্দর দিয়ে বড় ধরনের চোরাচালান হচ্ছে এমন খবর পেয়ে তারা গতকাল সন্ধ্যায় সেখানে তল্লাশি চালায়। সেখানে ঐ ট্রাকটি থেকে সন্দেহজনক একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটির ওজন ১০ কেজি ছিল। সন্দেহজনক বস্তুগুলো পরীক্ষা করার জন্য কলকাতার মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)-কে খবর দেয়া হয়। পরীক্ষা করার পর এগুলো কোকেন বলে নিশ্চিত করে এনসিবি।
