রূপালি পর্দায় শাহরুখ খান ও কাজলের জুটি মানেই সুপারহিট। পর্দায় তাদের রসায়ন দর্শকদের কাছে যেন বাস্তব জীবনের জুটি হিসেবে ফুটে ওঠে। এবার এই জুটির সঙ্গে তুলনায় মেতেছে বলিউড। নতুন জুটি হিসেবে নাম উঠে এসেছে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের নাম।
সম্প্রতি এক অনুষ্ঠানে কাজলকে জিজ্ঞাসা করা হয়েছিল, দীপিকা-রণবীর পর্দায় শাহরুখ-কাজলের জুটির মতো হতে পারবে কিনা? উত্তরে তিনি বলেছেন, সত্যি বলতে কি একজনের সাথে আরেকজনকে তুলনা করা সম্ভব নয়। আমি দীপিকার মতো হতে পারব না আর দীপিকাও আমার মতো হতে পারবে না। ওদের জুটিও আমাদের মতো হতে পারবে না আবার আমাদের জুটিও ওদের মতো হতে পারবে না।
৯০ এর দশক থেকে পর্দায় শাহরুখ-কাজলের জুটি দর্শকদের হৃদয়ে আলাদা একটা জায়গা করে নিয়েছে। এখন পর্যন্ত তাদের মতো কোনো জুটির নাম শোনা যায়নি। তবে কিছুদিন যাবত মনে করা হচ্ছে, সাবেক প্রেমিক-প্রেমিকা রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন সেই জায়গাটিতে যেতে পারবে।
এ পর্যন্ত শাহরুখ-কাজল জুটির ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’ ‘কাভি খুশি কাভি গাম’ ও ‘মাই নেম ইজ খান’ ছবি মুক্তি পেয়েছে। এছাড়া রোহিত শেঠির পরিচালনায় তারা ‘দিলওয়ালে’ ছবিতে কাজ করছেন। আগামী ১৮ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা।
অন্যদিকে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘বাচনা অ্যায় হাসিনো’ ছবি মুক্তি পেয়েছে। তাদের তৃতীয় ছবি ‘তামাশা’ আগামী ২৭ নভেম্বর মুক্তি পাবে। সূত্র: ডিএনএ ও ওয়ান ইন্ডিয়া।
