জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসাইন মোহাম্মদ এরশাদ (২ নভেম্বর) সোমবার নাটোরে আসছেন। ওইদিন তিনি নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজ মাঠে জেলা জাতীয় পার্টি আয়োজিত দ্বি-বার্ষিক কাউন্সিল ও জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও জাতীয় যুব সংহতির সভাপতি রেজাউল ইসলাম ভুঁইয়া। এতে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নাটোর জেলা সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মজিবুর রহমান সেন্টু। দুই সপ্তাহ ধরে নাটোরে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত গম্ভীরা গানের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
এরশাদের আগমন উপলক্ষ্যে নাটোর শহর ও শহরতলীর মহাসড়কে বেশ কিছু তোরণও তৈরি করা হচ্ছে। গঠনতন্ত্র অনুসারে প্রতি দুই বছর পর পর সম্মেলনের মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন হওয়ার বিধান থাকলেও টানা ১৩ বছর পর আগামী সোমবার নাটোর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। শেষ কত সালে তাদের জেলা কাউন্সিল হয়েছে এ ব্যাপারে জাতীয় পার্টির (এ) নাটোরের বেশ কয়েকজন উপজেলা পর্যায়ের নেতার কাছে জানতে চাওয়া হলে কোন নেতাই সঠিকভাবে তা বলতে পারেন নি। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নাটোর জেলা সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মজিবুর রহমান সেন্টুর কাছে জানতে চাইলে তিনি ফাইলপত্র খুঁজে জানান, ২০১১ সালে তাদের একটি নতুন কমিটি হয়েছিল।
