জাতিসংঘের পাঁচ কর্মীকে মাদক এবং শিশু পর্নো কেলেঙ্কারির আলাদা ঘটনায় বরখাস্ত করা হয়েছে। অবশ্য কোন দেশের জাতিসংঘ মিশনে এ সব ব্যক্তি নিয়োজিত ছিল বা তাদের পরিচয় প্রকাশ করা হয় নি।
জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বসংস্থাটির ইমেইল ব্যবস্থায় শিশু পর্নো শেয়ার করায় চার কর্মীকে বরখাস্ত করা হয়। এ ছাড়া, বিশ্বসংস্থাটির গাড়িতে করে মারিজুয়ানা পাচারের দায়ে বরখাস্ত করা হয়েছে জাতিসংঘের অপর এক কর্মীকে। ১৭৩ কিলোগ্রাম মারিজুয়ানা পাচার করেছিল এ কর্মী। এ প্রতিবেদনে ২০১৪ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত জাতিসংঘ সচিবালয় কর্মীদের শৃঙ্খলা ভঙ্গ এবং অপরাধ তৎপরতার বিবরণ দেয়া হয়েছে। জাতিসংঘ কর্মীরা ছোটখাট যে সব অসদাচরণ করেছে এবং তাদের বিরুদ্ধে যে সব শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে তা তুলে ধরা হয়েছে এতে। এছাড়া আরো একজন কর্মীর কাছে বড়দের পর্নো ছবি থাকার কারণে তার দুই বছরের জন্য পদোন্নতি আটকে দেওয়া হয়েছে। বিবিসি।
