বিএনপি নেতাদের উদ্দেশে মায়া

‘পদত্যাগ করুন নতুবা দায়ভার নিতে হবে’

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ১৫:৩৯
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপির শুভবুদ্ধিসম্পন্ন নেতাদের দল থেকে পদত্যাগ করা উচিত। তা না হলে তাদেরও বিএনপির অপকর্মের দায়ভার গ্রহণ করতে হবে।
 
শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি জামায়াতের যে সকল নেতা পেট্রোলবোমা মেরে দেশের নিরীহ মানুষ হত্যার সাথে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে।
 
তিনি বলেন, বিএনপির অবস্থা মুসলিম লীগের মতো হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরীর পদত্যাগের মধ্য দিয়ে তা প্রমাণ হয়েছে। বিএনপির আরো অনেক নেতা রয়েছেন যারা অচিরেই বিএনপি ত্যাগ করবে বলে শোনা যাচ্ছে।
 
আগামী ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে ২ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষ্যে এই বর্ধিতসভার আয়োজন করা হয়। খবর: বাসস।