সাবেক স্ত্রীর প্রশংসায় ইমরান খান

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ১৮:৩৬
 
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান রাজনীতিক ইমরান খান তার সাবেক স্ত্রী রেহাম খানের নৈতিক চরিত্রের প্রশংসা করে টুইট করেছেন। বিবিসির সাবেক সাংবাদিক রেহামের সাথে বিয়ের কথা ফাঁস হয়ে যাওয়ার পর রক্ষণশীলদের সমালোচনার শিকার হয়েছিলেন ইমরান।
 
গত জানুয়ারিতে রেহামের সাথে গাঁটছড়া বাঁধেন ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের অধিনায়ক ইমরান। ১০ মাস সংসার করে শুক্রবার রেহাম প্রথম টুইট করে জানান, আর একসঙ্গে থাকা হচ্ছে না তাদের দুজনের। এর পরই টুইট করেন ইমরান। তিনি রেহামের নৈতিক চরিত্রের প্রশংসা করে লিখেন, 'সুবিধা বঞ্চিতদের জন্য কাজ করার প্রতি তার আগ্রহের প্রতি আমি সম্মান জানাই।'
IMG0
বিচ্ছেদকে দুজনের জন্য বেদনাদায়ক উল্লেখ করে ইমরান আরেকটি টুইট করেন। সেখানে তিনি লিখেছেন, 'আমার ও রেহামের পরিবারের জন্য এটি কষ্টের সময়। আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান দেখাতে আহ্বান জানাচ্ছি।'
 
গত জানুয়ারিতে বিয়ের কথা জানাজানি হওয়ার পর পশ্চিমা পোষাকে রেহামের ছবি ও ভিডিও নিয়ে রক্ষণশীল পাকিস্তানিদের সমালোচনার মুখে পড়তে হয় ইমরানের স্ত্রীকে।
IMG1
রেহাম ইমরানের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তার প্রথম স্ত্রীর নাম জেমিমা গোল্ডস্মিথ। ১৯৯৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত একসঙ্গে সংসার করেন তারা। তিনিও পেশায় একজন সাংবাদিক ছিলেন। নিউ স্টেটসম্যান ও ভ্যনিটি ফেয়ার ম্যাগাজিনের সাথে যুক্ত ছিলেন তিনি।
 
পাকিস্তানে উত্তরাঞ্চলের ইমরান খানের রাজনৈতিক দলের শক্ত অবস্থান রয়েছে। তালেবানের সঙ্গে সংলাপের পক্ষ নেয়ার পর ২০১৩ সালের নির্বাচনে তার দল ব্যাপক সাফল্য পায়। তালেবানদের ওপর মার্কিন ড্রোন হামলারও ঘোর বিরোধী তিনি। সূত্র: এনডিটিভি