আবারো মুখে কালি লেপনের ঘটনা ঘটল ভারতে। এবার আরটিআই কর্মী মল্লিকার্জুনের মুখে ও গায়ে কালি ছিটিয়ে দেয় শিবসেনা কর্মীরা। এর আগে সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি লেপে তারা। এর কিছু দিন পর পাকনাট্যকর্মীদের ওপর হামলা চালানো হয়। শিবসেনার নিশানায় এবার পড়ে লাতুরের ওই আরটিআই কর্মী। একটি বেআইনি নির্মাণ নিয়ে মুখ খোলায় তথ্য অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত মল্লিকার্জুন ভাইকাট্টির মুখে কালি মাখাল শিবসেনারা। খবর আনন্দবাজার পত্রিকার।
মহারাষ্ট্রের লাতুরে একটি চারতলা কলেজ এবং ছেলেদের হোস্টেল মিলিয়ে মোট ১৪ হাজার বর্গফুট জায়গার ওপর বেআইনি নির্মাণের বিষয়টি প্রকাশ্যে আনেন মল্লিকার্জুন। তথ্যের অধিকার আইনে মামলা করে বিষয়টি জানার পর বৃহস্পতিবার লাতুরে সাংবাদিক বৈঠকও করেছিলেন তিনি। শুক্রবার মল্লিকার্জুন ভাইকাট্টিকে ওই কলেজ চত্বরে নিয়ে যায় শিবসেনা কর্মীরা। সেখানে তখন ৪ হাজার শিক্ষার্থী উপস্থিত ছিল। তাদের সামনেই লোহার রড দিয়ে মারধর করার পর মুখে কালি মাখিয়ে দেয় শিবসেনারা। কেউ স্পষ্ট না বললেও বেআইনি নির্মাণ নিয়ে সরব হওয়ার জন্যই তার এই হেনস্থা হয়েছে বলে দলীয় সূত্রে বলা হয়।
দলের এক স্থানীয় কর্মীর অভিযোগ, ভাইকাট্টি ‘বিশ্বাসঘাতক’।এ মাসের গোড়াতেই পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মহম্মদ কাসুরির বই প্রকাশ করায়, ‘অবজারভার রিসার্চ ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি লেপে দেয় শিবসেনারা। তার কিছু দিন পরই ‘বিফপার্টি’ করারঅপরাধে জম্মু-কাশ্মীরের নির্দল বিধায়ক রশিদ ইঞ্জিনিয়ারের মুখে কালি লেপে দিয়েছিল হিন্দু সেনা নামে ভিএইচপি ঘনিষ্ঠ এক সংগঠন।
