একই মঞ্চে গাইবে চিরকুট ও লেডি গাগা!

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ২০:৩৫
 
প্রতিবছর আমেরিকার শহর অস্টিনে বসে বিশ্বের অন্যতম বৃহত্ মিউজিক ফেস্টিভাল ‘সাউথ বাই সাউথ’। এতে  বিভিন্ন দেশের সহস্রাধিক অভিনয়শিল্পী, নির্মাতা, গানের দল ও সংগীতশিল্পীরা অংশ নেয়। আগামী আসর বসবে ২০১৬ সালে মার্চে। এবার বাংলাদেশ থেকে উত্সবে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের ব্যান্ড দল চিরকুট। অনুষ্ঠানে লেডি গাগাসহ কোল্ডপ্লে, মেটালিকা, মেগাডেথ, ফু ফাইটার্স, স্নুপ ডগের মতো বিশ্বের বাঘা বাঘা সব শিল্পীদের সঙ্গে একই স্ট্রেজে পারফর্ম করবে চিরকুট।
 
চিরকুটের ফেসবুক পেজে জানানো হয়েছে, খুশির খবরটা ভাগাভাগি করে নিতে  দেশ-বিদেশ থেকে শুভাকাঙ্খীদের অসংখ্য ফোন, এসএমএসে শুভেচ্ছার বিপরীতে কৃতজ্ঞতা জানানোর ভাষা সত্যিই আমাদের নেই। তবে আপনাদের এই নিঃশর্ত ভালোবাসার প্রতিদান দেবার আপ্রাণ চেষ্টা করবো অস্টিনের মঞ্চে। সময় এখন বড় কিছু করার। গ্লোবাল মিউজিক এগিয়েছে অনেক দূর। আমরা কেন থেমে থাকবো। থামার কোনো মানে নেই, শুরু হোক এখানেই।
 
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ৪০ দিনের সফর শেষে দেশে ফিরেছেন চিরকুটের সদস্যরা।

খবর ফোকাস বাংলার।