প্রকাশকদের ওপর হামলা 'কাপুরুষোচিত'

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ২২:২৪
 
রাজধানীর লালমাটিয়া ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে দুইটি প্রকাশনীর কার্যালয়ে ঢুকে একজনকে হত্যা ও তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনাকে কাপুরুষোচিত বলেছে বিএনপি। দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা বলা হয়। তিনি ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
 
শনিবার দুপুরে রাজধানীর লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিন জনকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এর তিন ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। দুটি ঘটনাতেই হামলার পর বাইরে থেকে দরজায় তালা দিয়ে যায় দুর্বৃত্তরা।