বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এখনই পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ কমানো ঠিক হবে না। বাজারের স্বার্থে এ ক্ষেত্রে আরও কিছুদিন সময় দেয়া প্রয়োজন। অন্যথায় এ খাতটি ক্ষতিগ্রস্ত হবে। গতকাল শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন এবং এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, সাবেক সভাপতি কাজী ফিরোজ রশিদ প্রমুখ।
প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ হাজার ৮০০ কোটি টাকায়। সংশোধিত ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ২০১৬ সালের ২১ জুলাইয়ের মধ্যে এ বিনিয়োগ ১৮ হাজার কোটি টাকায় নামিয়ে আনতে হবে। এতে প্রতি মাসে ব্যাংকগুলোকে প্রায় ৭২৫ কোটি টাকার শেয়ার বিক্রি করতে হবে। যা বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
