দুই বিদেশি হত্যা ও চোরাগোপ্তা হামলায় জেপি’র উদ্বেগ

আপডেট : ০১ নভেম্বর ২০১৫, ০১:০৬
দুই বিদেশি হতাকাণ্ড ও অন্যান্য চোরাগোপ্তা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় পার্টি-জেপি। গতকাল শনিবার রাজধানীর লালমাটিয়ায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়। জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের বিরাজমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং দলের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে ইত্তেফাককে জানান দলটির মহাসচিব শেখ শহীদুল ইসলাম।
 

জেপি মহাসচিব আরও জানান, বৈঠকে আগামী ১৬ জানুয়ারি দলের জাতীয় কাউন্সিল এবং এর আগে ১৩ নভেম্বর বর্ধিত সভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দলের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহিম, শাহ রফিকুল বারী চৌধুরী, এইচএম সালাহউদ্দিন মাহমুদ, কর্নেল (অব.) আবদুল লতিফ মল্লিক, মফিজুল ইসলাম বেবু, এজাজ আহমেদ মুক্তা, এটিএম আমিনুল ইসলাম পিন্টু ও অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী প্রমুখ।