আজ রবিবার থেকে শুরু হচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এ বছর ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এবার জেএসসিতে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন ও জেডিসিতে তিন লাখ ৫৮ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ১২ লাখ ৪৩ হাজার ২৬৩ জন ছাত্রী ও ১০ লাখ ৮২ হাজার ৬৭০ জন ছাত্র। ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় এক লাখ ৬০ হাজার ৫৯৩ জন বেশি।
বাংলা দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা দিতে হবে। তথ্য অনুযায়ী, এ বছর জেএসসিতে অনিয়মিত পরীক্ষার্থী এক লাখ ১৮ হাজার ২১৪ ও জেডিসিতে ১৪ হাজার ৭৭৯ জন। এ ছাড়া এবার বিশেষ পরীক্ষার্থী (এক থেকে তিন বিষয়ে ফেল) জেএসসিতে এক লাখ ৯ হাজার ৬২০ জন ও জেডিসিতে ১১ হাজার ৯৫১ জন। অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়া ৫০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এ বছর জেএসসিতে অংশ নিচ্ছে। এ পরীক্ষার ওপর ভিত্তি করেই শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে, আলাদা করে বৃত্তি পরীক্ষা দিতে হবে না।
