সিলেটের কোম্পানীগঞ্জে দুলাইন বিল দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উত্তর রণিখাই ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, তোবার আলীর পক্ষের স্থানীয়রা দুলাইন বিল দখলে যায়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিলে অবস্থানকারী আবদুল হক সরকারের পক্ষ তাদের প্রতিহত করে। গুরুতর আহতদের হাসপাতালে নেয়ার পথে আবদুল খালিক (২৭) ও ঘটনাস্থলে শেখ ফরিদ (৪০) মারা যান। সংঘর্ষে গুরুতর আহত পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি ১০জন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুলাইন বিলের দখল নিয়ে দীর্ঘ দিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। চলতি মাসেও এ বিলে সংঘর্ষ হয়েছে, থানায় মামলাও হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
