নতুন মুখ কামরুল, ফিরেছেন আল আমিন

আপডেট : ০১ নভেম্বর ২০১৫, ১৭:১১
 
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার এই দল ঘোষণা করা হয়। এতে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি। এছাড়া ফিরেছেন আল আমিন হোসেন।
 
তবে ফিরতে পারেননি তাসকিন আহমেদ। বাদ পড়েছেন রুবেল হোসেন ও এনামুল হক। 
 
জিম্বাবুয়ে সিরিজের ১৮ সদস্যের প্রাথমিক দল থেকে এছাড়াও বাদ পড়েছেন ইমরুল কায়েস ও শফিউল ইসলাম।
 
বাংলাদেশ 'এ' দলের হয়ে ভালো খেলে জাতীয় দলে এসেছেন ২৩ বছর বয়সী কামরুল। দ্বিতীয় সেরা দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে দুটি ওয়ানডে খেলে ছয় উইকেট নেন এই ডানহাতি পেসার।
 
দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বিশ্বকাপের মাঝপথ থেকে দেশে ফেরার পর থেকে জাতীয় দলে উপেক্ষিত ছিলেন আল আমিন। গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেন তিনি।
 
তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে সোমবার বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। আগামী শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।
 
প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা(অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি।