রাকিব হত্যা মামলার রায় ৮ নভেম্বর

আপডেট : ০১ নভেম্বর ২০১৫, ১৭:০০
 
খুলনায় চাঞ্চল্যকর শিশু রাকিব হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৮ নভেম্বর দিন ধার্য করেছে আদালত। রবিবার দুপুরে বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের আদালতে উপস্থাপিত যুক্তিতর্কের শুনানি শেষে খুলনা মহানগর দায়রা জজ আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক দিলরুবা সুলতানা এই দিন ধার্য করেন।
 
শুনানিতে প্রথমে বাদী পক্ষ ও পরবর্তীতে আসামি পক্ষের আইনজীবীরা আদালতে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। এই মামলায় চার্জশিটভুক্ত ৪০ জন সাক্ষীর মধ্যে ৩৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন ।
 
উল্লেখ্য, শরীফ মোটর্সের চাকরি ছেড়ে দিয়ে অন্য গ্যারেজে কাজ নেয়ার অপরাধে গত ৩ আগস্ট বিকালে খুলনা মহানগরীর টুটপাড়া কবরখানার মোড়ের মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটর্সের মালিক শরীফ ও তার কথিত চাচা মিন্টু মিয়া শিশু রাকিবকে (১৩) গ্যারেজে ধরে নিয়ে মোটরসাইকেলে হাওয়া দেয়া কমেপ্রসার মেশিন দিয়ে তার পায়ুপথে হাওয়া ঢুকিয়ে দেয়। এতে রাকিবের পেট ফুলে যায় ও নাড়ী-ভুড়ি ছিড়ে গিয়ে শরীরের মধ্যে মারাত্মকভাবে রক্তক্ষরণ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়।
 
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিক্ষুব্ধ জনতা ঐদিন রাতে মোটরসাইকেল গ্যারেজ মালিক শরীফ ও তার কথিত চাচার মিন্টু মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে শরীফের মা বিউটি বেগমকেও পুলিশের হাতে সোপর্দ করা হয়।
 
ঘনার পরদিন নিহত শিশুর পিতা নূর আলম হাওলাদার মোটরসাইকেল গ্যারেজ মালিক শরীফ, তার কথিত চাচা মিন্টু মিয়া ও শরীফের মা বিউটি বেগমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
 
গত ২৫ আগস্ট চাঞ্চল্যকর এ মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহমেদ এজাহারভুক্ত তিন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। গত ৬ সেপ্টেম্বর মহানগর আদালত বিচার কাজ শুরু করার জন্য মামলাটি মহানগর দায়রা জজ আদালতে পাঠান। এরপর ১১ অক্টোবর বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্যে দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় ।