উল্লাপাড়ায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় পলব দাস নামের এক সংখ্যালঘুর বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাড়ি-ঘর ভাংচুর এবং ঘর থেকে ৩ ভরি স্বর্ণ ও নগদ প্রায় ৮০হাজার টাকা লুট করে নিয়ে যায়। শনিবার দিবাগত রাতে চরমোহনপুর দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় পলবের পরিবারের অনিতা দাস, ঝুমুরি দাস ও অজিত দাস নামের ৩ ব্যক্তি আহত হয়েছেন। এদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলব দাস লাহিড়ীমোহনপুর ইউনিয়নের একজন গ্রাম পুলিশ হিসেবে কর্মরত। উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পলব দাস অভিযোগ করেন, একই গ্রামের জামান হোসেনের ছেলে মোহন বেশ কিছু দিন ধরে পলবের স্ত্রী কাজলী দাসকে রাস্তাঘাটে কটুক্তি করতেন। পলব মোহনের বাবার কাছে এর প্রতিবাদ করায় মোহন ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে শনিবার রাতে পলব দাসের বাড়িতে হামলা চালায়।
উল্লাপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে উল্লাপাড়ার থানায় মামলা করা হয়েছে।
