পাকিস্তানে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে গোলাগুলিতে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোট গ্রহণের সময় এ ঘটনা ঘটে।
সিন্ধু প্রদেশের খাইরপুর জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ অফিসার মো. শাহ জানিয়েছেন। কিন্তু এ ঘটনার জন্য কোন দল দায়ী তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। পুলিশের উপ-মহাপরিদর্শক কামরান ফজল রয়টার্সকে বলেন, দুই দলের গোলাগুলিতে ১১ জন মারা গেছে। ক্রিকেট তারকা ইমরান খানের নেতৃত্বে দেশটির বিরোধী দল আশা করছে এ সংঘর্ষ পরবর্তী সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্য চ্যালেঞ্জ ও জাতীয় জোট গড়ে তুলতে সাহায্য করবে।
পাকিস্তানের আরো দুটি প্রদেশের স্থানীয় সরকার নির্বাচন একমাস আগে অনুষ্ঠিত হয়েছে। ইমরান খান উত্তরপশ্চিম খাইবার পাখতুনখাওয়ায় জয়ী হন আর শরিফ ও তার জোট শরিকরা বেলুচিস্তানের পশ্চিম প্রদেশে জয়লাভ করেন। পাকিস্তানে এর আগে সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন হয়েছিল জেনারেল পারভেজ মোশাররফের অধীনে ২০০৫ সালে। তারপর আর দেশটিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অবশেষে এ বছরের মার্চে সুপ্রিম কোর্টে অসাংবিধানিকভাবে প্রায় এক দশক ধরে স্থানীয় সরকার ব্যবস্থা না থাকার কারণ জানতে চায় এবং নির্বাচন কমিশনকে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করতে আদেশ দেন। রয়টার্স।
