দিল্লি চলচ্চিত্র উৎসব থেকে বাদ পড়ল গোমাংসের ডকুমেন্টারি

আপডেট : ০১ নভেম্বর ২০১৫, ১৮:৫৭
 
ভারতীয়দের গরুর মাংস খাওয়ার অভ্যাস নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি দিল্লি চলচ্চিত্র উৎসব থেকে বাদ দেয়া হয়েছে। উৎসবের আয়োজকদের বক্তব্য, 'টেকনিক্যাল' কারণে ছবিটির প্রদর্শনী করা যাচ্ছে না।
 
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উৎসবের জন্য যে ৩৫ টি সিনেমা পাঠানো হয়, তার মধ্যে গোমাংস নিয়ে নির্মিত 'কাস্ট অন দ্য মেনু কার্ড' ছবিটিকে ছাড়পত্র দেয়া হয়নি।
 
চলচ্চিত্র উৎসবের ডিরেক্টর মনোজ ম্যাথিউজ বিবিসি হিন্দিকে দেয়া প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি 'বিরক্ত এবং হতাশ'। তিনি আরো জানান, 'দিল্লি চলচ্চিত্র উৎসবে এর অনেক বিতর্কিত বিষয় নিয়ে সিনেমা দেখানো হলেও আগে কোন সমস্যা হয়নি।' তবে ছাড়পত্র না দেয়ার কারণ হিসেবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তাদেরকে পর্যাপ্ত তথ্য দেয়া হয়নি।
 
ভারতে গরুর মাংস নিয়ে অব্যাহত বিতর্কের মধ্যে এই ঘটনা ঘটল। টাটা ইন্সটিটিউট অব সোশ্যাল সাইন্সেস এর পাঁচ জন ছাত্র ডকুমেন্টারিটি নির্মাণ করেছেন। সূত্র: বিবিসি