দিতি ভালো নেই

আপডেট : ০১ নভেম্বর ২০১৫, ২২:৪২
 
অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কের টিউমার অপসারণ করা হয়েছিল অভিনেত্রী দিতির। ভারতের চেন্নাইয়ে এক মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে গত ২০ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি। ভালোই চলছিল। কিন্তু কেমোথেরাপির পার্শ্ব-প্রতিক্রিয়ার ফলে আবারও অসুস্থ হয়ে পড়েছেন এক সময়ের জনপ্রিয় এই নায়িকা। দিতি এখন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
 
খোঁজ নিয়ে জানা যায়, কয়েকদিন ধরে শারীরিক সমস্যা দেখা দেয় তার। এ অবস্থায় তাকে আবারও ভারতে নেওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু সমস্যা কিছুটা গুরুতর হওয়ায় তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দিতির এক আত্মীয় জানান, তার মস্তিষ্কে পানি জমেছে। ঔষধের মাধ্যমেই তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন চিকিৎসকরা। প্রয়োজনে দিতিকে আবারও চেন্নাইয়ে নিয়ে যাওয়া হবে বলেও জানান ওই আত্মীয়।
 
উল্লেখ্য, গত ২৯ জুলাই চেন্নাইয়ে মাদ্রাজ ইন্সটিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে দিতির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।