নাইট উপাধি দেবে না অস্ট্রেলিয়া

আপডেট : ০২ নভেম্বর ২০১৫, ১২:৫৩
 
সম্মাননা হিসেবে অস্ট্রেলিয়া আর কাউকে নাইট ও ডেম উপাধি দেবে না। দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এই ঘোষণা দিয়েছেন। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
টার্নবুল বলেছেন, আধুনিক অস্ট্রেলিয়ার জন্য এই ধরনের উপাধি দেয়া ‘যুক্তিযুক্ত নয়।’ রানি এলিজাবেথ উপাধি বাদ দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেছেন, নিজেদের সম্প্রদায়ের বাইরে পরিচিত নয় এমন অখ্যাত বীরসহ অনেক অস্ট্রেলীয়কে সম্মাননা জানানোর গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে পদক। তবে তার মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে আধুনিক অস্ট্রেলিয়ায় নাইটহুড ও ডেমহুড উপাধি দেওয়া যুক্তিযুক্ত নয়।
 
২০১৪ সালে তত্কালীন প্রধানমন্ত্রী টনি অ্যাবট নাইটহুড ও ডেমহুড উপাধি পুনঃপ্রবর্তন করেছিলেন। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফররত ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স ফিলিপকে নাইট উপাধি দেয়া হয়েছিল। ঐ সময় এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন অ্যাবট।
 
গত সেপ্টেম্বরে লিবারেল পার্টির নেতৃত্ব হারানোর পর প্রধানমন্ত্রীর পদও হারান অ্যাবট।