নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলার রহমান হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এই রায় ঘোষণা করেন। এ মামলার অপর সাত আসামিকে খালাস দিয়েছে আদালত।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ৩০২/৩৪ ধারায় ১১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আটজনসহ মোট ১৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে শামসুল ইসলাম, নাজিম ও আলমগীর হোসেন পলাতক রয়েছেন।
জানা গেছে, ২০১৪ সালের ১৮ জানুয়ারি উপজেলা সদর থেকে ইউনিয়ন পরিষদে ফেরার পথে পারসাঐল এলাকায় ফজলার রহমানকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।
