প্রধানমন্ত্রী মঙ্গলবার নেদারল্যান্ডসে যাচ্ছেন

আপডেট : ০৩ নভেম্বর ২০১৫, ১২:১১
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের এক সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার আমস্টার্ডামের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন।
 
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল আটটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে বলে কথা রয়েছে।
 
ফ্লাইটটি নেদারল্যান্ডসের স্থানীয় সময় রাত নয়টায় ডাচ রাজধানীর আমস্টার্ডম স্কিফল এয়ারপোর্ট সেন্টারে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। আমস্টার্ডামে যাওয়ার সময় প্রধানমন্ত্রী আবুধাবিতে পাঁচ ঘন্টা যাত্রা বিরতি করবেন।
 
আমস্টার্ডাম স্কিফল এয়ারপোর্ট সেন্টারে উষ্ণ অভিনন্দন জানানোর পর প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা সহকারে নেদারল্যান্ডসের প্রশাসনিক রাজধানী দি হেগের গ্র্যান্ড হোটেল আমরাথ কুরহাউসে নিয়ে যাওয়া হবে। এ সফরকালে তিনি ওই হোটেলেই অবস্থান করবেন।
সফর চলাকালে প্রধানমন্ত্রী আগামী ৪ নভেম্বর সরকারি বাসভবন ‘ক্যাটশুইজে’ ডাচ প্রধানমন্ত্রীর মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকের পর দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষরিত হবে।

খবর বাসসের।