‘প্রতিদিন খবরের কাগজ খুললেই হত্যা, ধর্ষণ, লুটপাট ও দুর্নীতি ছাড়া কোনো সুসংবাদ পাওয়া যায় না। দেশে চরম দুঃশাসন চলছে। মানুষের কোন নিরাপত্তা নেই।’
সোমবার দুপুরে নাটোরে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মিলনায়তনে জেলা জাতীয় পাটির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে দলটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর এ বিশেষ দূত বলেন, ‘বাংলাদেশ এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। দেশের মানুষ এমন গণতন্ত্র চায় না, জনগণের গণতন্ত্র চায়।’
নিজ শাসনামলের ফিরিস্তি তুলে ধরে এরশাদ বলেন, ‘প্রেসিডেন্ট পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ ও বিএনপিকে হারিয়ে তিনিই বিজয়ী হবেন।’
জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি মজিবুর রহমান সেন্টুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জিএম কাদের ও সুনীল শুভ রায় বক্তব্য রাখেন।
অধিবেশনে মজিবুর রহমান সেন্টুকে জেলা জাপার সভাপতি ও আলাউদ্দিন মৃধাকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আগামী ১০দিনের মধ্যে জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়ার কথা জানান এরশাদ।
