মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

আপডেট : ০২ নভেম্বর ২০১৫, ১৯:৪৫
 
বাংলাদেশে বিনিয়োগ করার জন্য মালয়েশিয়ার বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার বিকালে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার বিদায়ী হাই কমিশনার নরলিন বিনতি ওথম্যান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে আসলে তিনি এ আহ্বান জানান।
 
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, 'বাংলাদেশের পরিবেশ বিনিয়োগ বান্ধব উল্লেখ করে সাক্ষাতের সময় রাষ্ট্রপতি মালয়েশিয়ার বিনিয়োগকারীদের এখানে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের জনশক্তি দুই দেশের আর্থ-সামজিক উন্নয়নে ভূমিকা রাখছে উল্লেখ করে রাষ্ট্রপতি মালয়েশিয়ার সরকারকে আরও জনশক্তি নেওয়ার আহ্বান জানান।'
 
দুই দেশের বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি দেশ দুটির সম্পর্ক উন্নয়নে কাজ করার জন্য বিদায়ী দূতকে ধন্যবাদ জানান। সম্প্রতি বাংলাদেশ-মালয়েশিয়া পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ওই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারিত হয়েছে। মালয়েশিয়ার বিদায়ী দূত এসময় তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
 
মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাতের পরে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নতুন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বিডি নিউজ।