নিজামীর আপিল শুনানি হচ্ছে না আজ

আপডেট : ০৩ নভেম্বর ২০১৫, ১১:১৩

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতি ছুটিতে থাকায় এই শুনানি হয়নি।

মামলাটি মঙ্গলবারের কার্যতালিকায় ২ নম্বরে ছিল। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি হওয়ার কথা ছিল।

বেঞ্চের অন্য সদস্যরা হচ্ছেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

গত বছরের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

ওই রায়ের পর নিজেকে নির্দোষ দাবি করে আপিল করেন নিজামী।