শিশুদের ওপর নজরদারির অ্যাপ সরিয়েছে দক্ষিণ কোরিয়া

আপডেট : ০৩ নভেম্বর ২০১৫, ১৩:৪৬
 
শিশুদের অনলাইন কার্যক্রমে নজরদারি করতে স্মার্ট শেরিফ অ্যাপ গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া। অ্যাপটি সরিয়ে দেয়ার পর দ্য কোরিয়া কমিউনিকেশন কমিশন (কেসিসি) বলেছে, অভিভাবকদেরকে ঐ অ্যাপের বিকল্প কোনো অ্যাপ খুঁজে নেয়ার পরামর্শও দেয়া হয়েছে।
 
চলতি বছরের এপ্রিল থেকে দক্ষিণ কোরিয়ান শিশুদের ফোনে নজরদারি বাধ্যতামূলক করেছে দেশটি।
 
কেসিসি জানিয়েছে, অ্যাপটির নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি রয়েছে এমন প্রতিবেদন পাওয়ায় অ্যাপটিকে সরিয়ে দেয়া হয়েছে।
 
নজরদারি অ্যাপগুলোর মধ্যে স্মার্ট শেরিফ অ্যাপটি দক্ষিণ কোরিয়াতে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে। কোরিয়ান মোবাইল ইন্টারনেট বিজনেস অ্যাসোসিয়েশন (মইবা) নামের একটি গ্রুপ ঐ অ্যাপটি তৈরি করেছিল।
 
কিন্তু ইউনিভার্সিটি অফ টরন্টো এবং সফটওয়্যার অডিটিং প্রতিষ্ঠান কিওর৫৩ পৃথক দুই প্রতিবেদনে জানিয়েছিল, অ্যাপটির নিরাপত্তা ব্যবস্থা ‘সর্বনাশা’।
 
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছিল, অ্যাপটিতে শিশুদের ব্যক্তিগত বিস্তারিত তথ্য নিরাপদভাবে সংরক্ষণ করা হয় না এবং অ্যাপটির প্যারেন্টাল ফিল্টার খুব সহজেই বন্ধ করে দেয়া সম্ভব। 
 
তবে অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান মইবা জানিয়েছিল, অ্যাপটির নিরাপত্তা ত্রুটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পূর্বেই ঠিক করা হয়েছে। খবর: বিবিসি।