কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আপডেট : ০৩ নভেম্বর ২০১৫, ১৬:৫৬
 
কলেজ ছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে আবু জাফর (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ছাইফুল ইসলাম এই আদেশ দেন।
 
আবু জাফর বগুড়া সদরের নামুজা বগারপাড়া গ্রামের মোজাহার হোসেনের ছেলে।
 
আদেশে অপহরণের দায়ে জাফরকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ড এবং ধর্ষণের অভিযোগে ১৪ বছর কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।
 
আদালত সূত্রে জানা গেছে, আবু জাফর প্রতিবেশী এক কলেজ ছাত্রীকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। ছাত্রীর বাবা প্রস্তাব প্রত্যাখান করেন। ২০০৯ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে কলেজ যাওয়ার পথে আবু জাফর ঐ ছাত্রীকে অপহরণ করে।
 
ঘটনার একদিন পর ২৯ ফেব্রুয়ারি ছাত্রীর বাবা বাদী হয়ে আবু জাফরকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। একই বছরের ১০ মে কলেজ ছাত্রীর বাবার সহযোগিতায় পুলিশ অপহৃতকে উদ্ধার করে।
 
এরপর আদালতে জবানবন্দিতে অপহৃত কলেজ জানান, আসামি আবু জাফর তাকে অপহরণ করে একটি বাড়িতে আটকে রেখে জোরপূর্বক কাবিন নামায় স্বাক্ষর নেয় ও আটকে রেখে ধর্ষণ করে।
 
এই ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ তদন্ত শেষে আবু জাফরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।
 
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি নরেশ মুখার্জী এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মাসুদার রহমান স্বপন।