ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের পুলিশের একাংশ দাউদ ইব্রাহিমের দলের গ্যাংস্টারদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে বলে জানিয়েছেন সম্প্রতি ইন্দোনেশিয়াতে গ্রেফতার হওয়া আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন। এই জন্য সেখানকার পুলিশের উপর তার বিন্দুমাত্র ভরসা নেই বলে জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার তাকে ভারতে ফিরিয়ে আনার কথা। এর আগে ছোটা রাজন বলেন, মুম্বাই পুলিশ আমার উপর অনেক অত্যাচার করেছে। সরকারের এই বিষয়গুলো দেখা উচিত। মুম্বাই পুলিশের অনেকেই দাউদের সহযোগী। রাজন বলেছেন তিনি দিল্লিতে যেতে চান। তিনি বলেন, আমাকে সরকার যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো। আমি শুধু সুবিচার চাই।
৫৫ বছর বয়সী ছোটা রাজনের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি ও মাদক পাচারের ৭০ টির বেশি মামলা রয়েছে। গত ২৫ অক্টোবর ইন্দোনেশিয়ায় বিমানবন্দরে আটক হওয়ার আগে ২০ বছর ধরে তার নামে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি করা ছিল। ১৯৯৩ সালে মুম্বাইয়ে বোমা হামলা হওয়ার আগে দাউদ ইব্রাহিমের শিষ্য ছিলেন রাজন। ব্ল্যাক ফ্রাইডে বলে খ্যাত সেই হামলায় ২৫৭ জন মানুষ নিহত হওয়ার বোমা হামলার প্রধান অভিযুক্ত দাউদের সঙ্গে রাজনের দূরত্ব তৈরি হয়।
এরপরে দাউদের সহযোগী সদস্যরা বেশ কয়েকবার রাজনকে হত্যা করার চেষ্টা করেন। ধারণা করা হয় দাউদ এখন করাচিতে অবস্থান করছেন এবং রাজন গ্রেফতার হওয়ার পরে তার নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, শক্তি কমে আসায় ভারতীয় পুলিশের কাছে নিজেই ধরা দিয়েছেন রাজন। এনডিটিভি।
