মেয়ের লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক মা

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২১:২৯

কুড়িগ্রামে নাগেশ্বরীতে ১৩ দিনের শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আর লাশ মিলেছে পায়খানার ট্যাংকিতে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০টায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের লুছনী গ্রামে। বিকালে জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দিনমজুর বায়োজিদ আহমেদের স্ত্রী বিলকিছ আক্তার (৩১) গত ১৩ দিন আগে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। তাদের ঘরে আরো একটি কন্যা সন্তান আছে। যার বয়স ৩ বছর। ২য় সন্তান জন্মের কয়েকদিন পরে স্বামী বায়োজিদ আহমেদ কাজের সন্ধানে কুমিল্লায় যায়।

শনিবার সকাল পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। ওইদিন সকাল ১০টায় পরিবারের লোকজন হঠাৎ লক্ষ্য করেন যে, বিলকিছ আক্তারের কোলে শিশুটি নেই। তারা শিশুটির ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে তিনি কোন কিছু জানেন না বলে জানান। সকলেই শিশুটিকে খুঁজতে থাকে বাড়ির চারদিকে।

আরো পড়ুন: নিম্নমানের বিটুমিনে রাস্তার কাজ প্রতিহত করলেন ইউএনও

এর একপর্যায়ে পায়খানার ঢাকনা সরানো ও তার পাশে শিশুটির কাপড় দেখতে পেলে তাদের সন্দেহ হয়। পরে দুপুর ১২টায় ঢাকনা সরিয়ে সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশসহ জিজ্ঞাসাবাদের জন্য তার মাকে থানায় নিয়ে যায়।

নাগেশ্বরী থানার এসআই সারওয়ার পারভেজ জানান, শিশুটির গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। আমরা জিজ্ঞাসাবাদের জন্য তার মাকে থানায় নিয়ে এসেছি। মামলা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/জেডএইচ